ফুডপান্ডার কমিশন, বিভিন্ন চার্জ ও ব্যবসায়িক নীতিমালা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডা সেবা বন্ধ রাখার কর্মসূচি আরও কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর।
সংগঠনের এক জরুরি ঘোষণায় বলা হয়েছে, রেস্তোরাঁ ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ৬ অক্টোবর থেকে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ রাখার সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোকে Foodpanda Tab বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সমিতি জানিয়েছে, ফুডপান্ডা কর্তৃপক্ষের কাছে রেস্তোরাঁ মালিকদের কমিশন ও বিভিন্ন চার্জসংক্রান্ত দাবিগুলো লিখিতভাবে উপস্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ দাবিগুলো ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করে ১৫ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে।
সমিতির অভিযোগ, কর্মসূচির সিদ্ধান্ত জানানোর পরও চট্টগ্রামের কিছু রেস্তোরাঁ Foodpanda Tab চালু রেখে অর্ডার গ্রহণ করছে। এসব প্রতিষ্ঠানকে অবিলম্বে ট্যাব বন্ধ করে সম্মিলিত কর্মসূচিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির ভাষ্য, কর্মসূচিটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিরোধ তৈরির উদ্দেশ্যে নেওয়া হয়নি। রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য ন্যায্য, স্বচ্ছ ও পারস্পরিক সম্মানজনক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
তবে সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে কেউ সম্মিলিত কর্মসূচিকে দুর্বল করার চেষ্টা করলে সংগঠনের বিধি ও সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর সব রেস্তোরাঁ মালিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে চট্টগ্রামের হাজারো রেস্তোরাঁ ব্যবসায়ীর সম্মিলিত স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।