এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, অভিযানে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উঠতি বয়সের কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, পড়াশোনায় ফিরিয়ে আনা এবং পরিবার ও সমাজের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু অপরাধীদের আইনের আওতায় আনা নয়, বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও পুলিশের লক্ষ্য।
তিনি আরও বলেন, অভিযানের ক্ষেত্রে নিরীহ ও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি ও মনিটরিং করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিটি অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।