বিএনপিকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের হাতে ক্ষমতা তুলে দেয়া যাবে না।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
কাদের বলেন, ‘যারা এদেশে ভুয়া ভোটার করেছিল, ১৫ ফেব্রুয়ারি প্রহসনমূলক ভোট করেছিল, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপির হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারি না।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রস্তুত হোন, আগামী নির্বাচনে তাদের প্রতিহত করতে হবে, পর্যুদস্ত করতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ, উন্নয়নের মহাসড়ক ধরে স্মার্ট বাংলাদেশ গড়ব।’
তিনি বলেন, আজকে আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সর্বশেষ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনৈতিক দেশ। যেভাবে এগিয়ে চলছে ২০২৬ সালে আমাদের মাথাপিছু আয় ৪ হাজার ডলারে উন্নীত হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, শেখ হাসিনা আজ মুক্তির সংগ্রাম করছেন। বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে ভিশন ২০৪১, ২১০০ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল, একদিনে শত সেতু-শত রাস্তা, বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়।
রিজার্ভ নিয়ে তিনি বলেন, আমাদের রিজার্ভ স্থিতিশীল। আমাদের জিডিপি এখন সাড়ে সাত। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অভিযাত্রা শুরু হয়েছে, আমরা আরও এগিয়ে যাব।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply