ফ্রিল্যান্সার ও আইসিটিখাত সহ অন্যান্য সেবা রপ্তানিকারকদের আয় বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এলক্ষ্যে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রপ্তানিকারকদেরকে প্রয়োজনীয় ইআরকিউ হিসাব খোলার নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সকল অনুমোদিত ডিলার (এডি) ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আইসিটি খাতে নানারকম ব্যয় বিদেশে পাঠাতে হয়। তবে আইসিটিখাতের সংশ্লিষ্টরা মনে করেন, ফ্রিল্যান্সারদের নামে ইআরকিউ হিসাব না থাকায় কার্ড সুবিধার আওতায় সহজ উপায়ে বৈদেশিক লেনদেন তাদের পক্ষে করা সম্ভব হয় না। তাছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ফ্রিল্যান্সারদেরকে এডি ব্যাংক শাখা নয় এমন ব্যাংক শাখা ইআরকিউ হিসাবসহ কার্ড সেবা প্রদান করতে পারেনা।
এডি শাখা নয় এমন ব্যাংকের মাধ্যমে আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে নিকটবর্তী এডি শাখা বা সেন্ট্রাল ট্রেড প্রোসেসিং সেন্টার কিংবা প্রধান কার্যালয়ের সহায়তায় ইআরকিউ হিসাব খোলা ও কার্ড সার্ভিস সুবিধা প্রদানের জন্য সার্কুলারে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে সেটেলমেন্ট ব্যাংককে ইআইকিই হিসাব খোলাসহ আন্তর্জাতিক কার্ড ইস্যূর ব্যবস্থা করার জন্যও বলা হয়। আইসিটি খাতসহ সেবাখাতের রপ্তানিকারকদেরকে ইআরকিউ হিসাব খোলার সুবিধাসহ আন্তর্জাতিক কার্ড প্রদানের ব্যবস্থা করার ফলে এখাতে আয় বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।