ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপির ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো রকম নাশকতা যেন না করতে পারে সেইজন্য কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নাশকতাকারীরা কোন ভাবেই রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ দিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে এজন্য তল্লাশি চৌকি বসিয়ে গাড়িতে চেকিং চলছে। এসময় সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ শনিবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় র্যাবের পক্ষ থেকে এ তল্লাশি চৌকি বসানো হয়।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. জাহিদ হাসান বলেন, জাতীয় নির্বাচন কে সামনে রেখে নাশকতাকারীরা বিভিন্ন পরিবহন ব্যবহার করে অস্ত্রসহ হাতিয়ার নিয়ে ঢাকায় যেন প্রবেশ করতে না পারে সে জন্য ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে নজরধারি চালানো হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, প্রাইভেটকার ও অন্যান্য গাড়ি স্বাভাবিক ভাবে চললেও দূর পাল্লার বাসগুলোর যাতায়াত ছিল কম।