স্টাফ রিপোটারঃ রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের এক কনস্টবেল প্রাণ হারিয়েছেন। তার নাম মনিরুজ্জামান তালুকদার।
শনিবার (১ জুলাই) তিনি ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেল স্টেশনে নেমে পায়ে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। তিনি বলেন, পুলিশ সদস্যকে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। তবে আমরা আশঙ্কা করছি তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।
পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।