চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (CPA) সাথে যৌথ উদ্যোগে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ (TrustPort Connect) নামে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। “Smarter Transactions. Stronger Trade.”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি। এ সময় ট্রাস্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বিনিময় করা হয়।
উদ্বোধনী আয়োজনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট, শিপিং এজেন্ট এবং বন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বন্দরের যাবতীয় আর্থিক লেনদেন এখন আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি বাড়ার পাশাপাশি দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।