বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে প্রাক্-অর্থায়ন স্কিমবিষয়ক অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১ নভেম্বর ২০২৬, রোববার আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাবদুল ইসলাম এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদুর রহমান সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার এই প্রাক্-অর্থায়ন স্কিমের আওতায় চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে নতুন ট্যানারি স্থাপন, নতুন শিল্পবর্জ্য পরিশোধনাগার প্রতিষ্ঠা, বিদ্যমান ট্যানারির অবকাঠামো সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন, চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য নতুন অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান কারখানার অবকাঠামো সংস্কার ও আধুনিকায়নের জন্য স্বল্প মুনাফায় মেয়াদি বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয়, বেতন-ভাতা প্রদান, ইউটিলিটি বিল পরিশোধসহ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা এবং চামড়া ও চামড়াজাত পণ্যশিল্পের সহায়ক প্রতিষ্ঠানগুলোকে নিয়মমাফিক বিভিন্ন মেয়াদের জন্য চলতি মূলধন বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে।