মিউচুয়াল ফান্ড একটি সুসংগঠিত ও নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম, যেখানে বিনিয়োগকারীদের অর্থ একত্রিত করে তা বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়। মিউচুয়াল ফান্ড সাধারণত ট্রাস্ট কাঠামোর মাধ্যমে গঠিত হয় এবং ট্রাস্টের পক্ষ থেকে ইউনিট ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ফান্ড গঠন করা হয়। সংগৃহীত অর্থ নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়।
মিউচুয়াল ফান্ডের সম্পদ মূলত বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও অন্যান্য বিনিয়োগযোগ্য সম্পদে বিনিয়োগ করা হয়ে থাকে যা তাৎক্ষনিকভাবে নগদায়ন সম্ভব। এসব সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডের মোট সম্পদের মূল্য নির্ধারিত হয় এবং দায়-দেনা বাদ দেওয়ার পর যে নিট সম্পদমূল্য পাওয়া যায়, সেটিই ফান্ডের Net Asset Value (NAV) ফান্ডের মোট নিট সম্পদমূল্যকে মোট ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে প্রতিটি ইউনিটের বিপরীতে নিট সম্পদমূল্য বা NAV per Unit নির্ধারণ করা হয়। অ্যাসেট ম্যানেজার নির্ধারিত বিধিবিধান অনুযায়ী মিউচুয়াল ফান্ডের NAV এবং সংশ্লিষ্ট তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে থাকে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদমূল্য (NAV per Unit)-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। একটি মিউচুয়াল ফান্ড ইউনিটের বাজারমূল্য ও তার অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের মধ্যে উল্লেখযোগ্য ও অস্বাভাবিক ব্যবধান থাকা বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতার বিষয়। কারণ, মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্যায়নের ক্ষেত্রে ফান্ডের অন্তর্নিহিত সম্পদের মূল্য তথা NAV একটি গুরুত্বপূর্ণ বিবেচা বিষয়। উল্লেখ্য যে, কোন মিউচুয়াল ফান্ডকে নগদায়ন (Liquidation) করা হলে, ইউনিটহোল্ডার কর্তৃক উক্ত ফান্ডের নিট সম্পদমূল্যের তুলনায় অধিক অর্থ পাওয়ার সুযোগ নেই।
এ পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে, মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত NAV per Unit, এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুন। শুধুমাত্র বাজারে কোনো ইউনিটের মূল্য বৃদ্ধি পেয়েছে- এমন তথ্যের ভিত্তিতে বা গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিএসইসি আরও আহ্বান জানাচ্ছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের প্রকৃত সম্পদমূল্য তথা ফান্ডের আর্থিক অবস্থা, ফান্ডের মেয়াদ, বিনিয়োগের ধরণ বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য বিবেচনা করে জেনে-বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুন।