মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দর্শনা-আকন্দবাড়িয়া এবং রাংগিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।
এসময় তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা সড়ক দুটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, উন্নয়নাধীন সড়ক দুটির মধ্যে একটি সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। উভয় সড়কে পিচ ঢালাইসহ উন্নয়ন কাজে প্রাথমিকভাবে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, দর্শনা পৌর আমির মো. সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। এতে স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
Leave a Reply