স্টাফ রিপোটারঃ রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. সুমন (৩৬) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের মামা মো. আল-আমিন জানান, সুমন রাতে সিএনজি চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি সিএনজির পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে গিয়ে সুমন গুরুতর আহত হন। পরে সুমনকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার আব্দুল কুদ্দুস মিয়ার সন্তান। বর্তমানে ঢাকায় হাজারীবাগের বোরহান লেনের ৩৭ নম্বর বাসায় থাকতেন। তিনি দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন। নিহত পেশায় সিএনজি চালক ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।