দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪১ জন এবং ঢাকার বাইরে ৮০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট ১ হাজার ৯৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৩৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৮৩৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা মোট ৫৫ হাজার ১৪৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৫ হাজার ২৮৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৫৮ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুসহ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৪২ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৫২ হাজার ৯৩৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ০০৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৯২৯ জন।