ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসী রোকন হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘ওসি ভুয়া ভুয়া’, ‘ওসি ঘুষখোর ঘুষখোর’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁরা রোকন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একপর্যায়ে আন্দোলনকারীদের মহাসড়কের ওপর ফুটবল খেলতেও দেখা যায়।
কর্মসূচিতে বক্তব্য দেন নিহত রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি লোকজন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া ও মাওলানা আজিজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, একজন প্রবাসীকে হত্যার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন, জড়িতদের আইনের আওতায় আনা এবং নিহত রোকনের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।