স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘কম্পিউটারের সাহায্যে নকশা প্রণয়ন ও সিমুলেশন : প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত সুযোগ ও শিল্পক্ষেত্রের চাহিদা’ (CAD Modeling and Simulation: Skills, Careers and Industry Perspective) শীর্ষক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমান।
যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন, GaleoLab- এর প্রতিষ্ঠাতা এবং সিএফডি ও এফইএ সিমুলেশন ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম। আলোচনায় অংশ নেন- বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম, এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মোল্ড ও ডাই উৎপাদন বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী আলাউদ্দিন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন, তানভীর আহমেদ আবির।
সঞ্চালনায় ছিলেন, ওই বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান মারুফ। বক্তারা বলেন, ‘সিএডি মডেলিং ও সিমুলেশন প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবেন।’ এ ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন, প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং কর্মক্ষেত্রের উপযোগী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।