ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং মানবিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রক্তদাতাদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “রক্ত সৈনিক” সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ভৈরব বাজার প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভৈরবের ৮০ জন নিয়মিত রক্তদাতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ফারাবি আহমেদ অরিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুল্লাহ আল মাসুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আইমান রহমান মাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, ডাক্তার ইমরান আহমেদ, রক্তদাতা জনি আলম ও রিজভী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “রক্তদানের মতো মানবিক কাজ আর হতে পারে না। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে এই তরুণ রক্ত সৈনিকেরা যেভাবে এগিয়ে আসছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের এই ত্যাগ ও সেবা সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলবে। যারা স্বেচ্ছায় রক্ত সৈনিক হিসেবে রক্ত দান করেন, তারা সবসময় নিজেদের পরিশুদ্ধ রাখেন। তাই তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করে তুলতে হবে।” পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করতে নেতৃস্থানীয়দের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, সংবাদকর্মী এবং সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।