এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী । গত ১৯শে আগস্ট, ২০২৬ তারিখে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন জনাব চৌধুরী তাঁর দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা, টেকসই প্রবৃদ্ধি ও ব্যবসায়িক রূপান্তরে সফল নেতৃত্বের জন্য সুপরিচিত।
এবি ব্যাংকে যোগদানের পূর্বে জনাব চৌধুরী ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি আমানতকারীদের আস্থা অর্জন এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একইসঙ্গে টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্য নিরাপত্তায় ISO 27001:2022 সনদ অর্জনের মাধ্যমে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী হয়।
তিনি ২০২০ সালে ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সেখানে মূলধন শক্তিশালীকরণসহ প্রতিষ্ঠানটির ভিত্তি আরও সুদৃঢ় করতে সংস্কার কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের কৌশলগত কার্যক্রমও তিনি তদারকি করেছেন।
জনাব চৌধুরী ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তীকালে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন।
জনাব চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
গ্রাহক আস্থা আরও সুদৃঢ়করণ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং ব্যাংকের চলমান রূপান্তর কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর এই নিয়োগ দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক- এবি ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।