ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৩১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে মঙ্গলবার (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর তথ্য নেই।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন রোগীদের ২৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং পাঁচজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৭৫ জন ঢাকার এবং ২৫ জন রোগী ঢাকার বাইরের।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে এক হাজার ১৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।