স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু পোলিং এজেন্টদের উদ্দেশে বলেছেন, আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো। নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। শুক্রবার (১৩ নভেম্বর) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক ব্যতিক্রমী ও বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের সম্মানে এই ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নির্বাচনী কর্মীদের ত্যাগের মূল্যায়ন এবং বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। তাদের দুঃশাসন, লুটপাট ও অপরাজনীতির কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা যে সাহস, ধৈর্য ও ত্যাগ স্বীকার করে ভোটকেন্দ্র পাহারা দিয়েছেন, তার মাধ্যমেই জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে। দল ও জনগণ আপনাদের এই অবদান চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
তিনি বলেন, আমার নির্বাচনে ভোটের দিন যাঁদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তাঁরা হচ্ছেন আপনারা। আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন- সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিমন্ত্রী বলেন, আমি চিন্তা করেছি, যাঁরা ভোটের দিন আমার জন্য দায়িত্ব পালন করেছেন, তাঁদের সঙ্গে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, মতবিনিময় হবে না- এটা হতে পারে না। সেজন্য উদ্যোগ নিয়ে এ আয়োজন করেছি।
বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদব সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের সামগ্রিক উন্নয়ন, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমসাময়িক পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমরা টাঙ্গাইলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন টাঙ্গাইল’ হিসেবে গড়ে তুলতে চাই।
একইসাথে মাদক ও কিশোরগ্যাংমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, যুবসমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে টাঙ্গাইলকে ‘খেলার শহর’ হিসেবে গড়ে তোলার কাজ পুরোদমে এগিয়ে চলছে। পাশাপাশি একটি আলোকিত প্রজন্ম গড়তে ‘শিক্ষা নগরী’ টাঙ্গাইল বাস্তবায়নেও আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মী ও পোলিং এজেন্টদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আজ তৃণমূল থেকে আপনারা সাধারণ মানুষের যেসব প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরলেন, তার প্রতিটি বিষয় আমি লিপিবদ্ধ করেছি। এগুলো আমাদের আগামী দিনের উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করা হবে। আপনারা জনগণের পাশে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, তাদের সুখ-দুঃখের ভাগীদার হোন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুব দলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল সহ প্রায় এক ডজন নেতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।
ব্যতিক্রমী ওই মতবিনিময়কালে প্রতিমন্ত্রী অত্যন্ত মনোযোগের সাথে টাঙ্গাইল শহর ও ১২টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টদের নির্বাচনকালীন অভিজ্ঞতার কথা শোনেন। পাশাপাশি, বর্তমান সময়ে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা কী-সে বিষয়ে এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো তিনি নিজ হাতে লিপিবদ্ধ করে নেন এবং সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিএনপি নেতারা বলেন, সাধারণত নির্বাচন শেষ হয়ে গেলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা তৃণমূল কর্মী বা পোলিং এজেন্টদের খোঁজখবর নেওয়ার প্রচলন খুব একটা দেখা যায় না। কিন্তু নির্বাচনের দীর্ঘ সময় পরও তৃণমূলের এই ত্যাগী কর্মীদের সম্মান জানাতে এবং তাদের সরাসরি মতামত শুনতে প্রতিমন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মাইলফলক হয়ে থাকবে।
ওই মতবিনিময় সভায় টাঙ্গাইল শহর ও সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।