1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :

মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫.২৯ পিএম
  • ৪৬ Time View

জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল প্রতিনিধি: পকেটে টাকা নেই, মাথার ওপর নেই কোনো ছাদ-তবুও এক বেলা আহার কিংবা নিরাপদ আশ্রয়ের জন্য বিন্দুমাত্র সংশয় জাগে না মনে। দূরদূরান্ত থেকে আসা পথচারী, অসচ্ছল মানুষ আর ভক্ত-অনুসারীদের জন্য বিগত আটটি দশক ধরে এমনই এক অনন্য ভরসাস্থল টাঙ্গাইলের সন্তোষের ঐতিহাসিক ‘মুসাফিরখানা’। যেখানে প্রায় ৮০ বছর ধরে সম্পূর্ণ নিখরচায় চলছে থাকা ও খাওয়ার এক নীরব মানবিক আয়োজন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জনকল্যাণমুখী দর্শনের এক জীবন্ত স্মারক এই প্রতিষ্ঠান।

জানা যায়- ১৯৪৬ সালে মওলানা ভাসানী নিজ হাতে এই সেবাশ্রমটি প্রতিষ্ঠা করেন। আমৃত্যু যিনি কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের প্রতি তাঁর সেই চিরন্তন মমত্ববোধ ও দর্শনের প্রতিফলন আজও অম্লান সন্তোষের আঙিনায়। আজকের ব্যক্তিকেন্দ্রিক ও জটিল আর্থ-সামাজিক বাস্তবতায় যেখানে ন্যূনতম স্বার্থ ছাড়া সমানুভূতি মেলা ভার, সেখানে আটটি দশক ধরে একটি মুসাফিরখানা সচল থাকা এক বিরল দৃষ্টান্ত। এটি কেবল একটি সেবামূলক প্রতিষ্ঠানই নয় বরং মওলানা ভাসানীর সমতা, ভ্রাতৃত্ব ও বৈষম্যহীন সমাজভাবনার এক জীবন্ত দলিল।

দেশ ছাড়িয়ে এই মুসাফিরখানার খ্যাতি ও টানে সীমানা পেরিয়ে আসছেন ভিনদেশের মানুষও। সম্প্রতি ভারতের আসামের লক্ষ্মীপুরের গোয়ালপাড়া থেকে সন্তোষে আসেন তিন ব্যবসায়ী। তাঁদেরই একজন মনিরুজ্জামান অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা ভাসানী হুজুরের অনুসারী ছিলেন। তাঁদের কাছে হুজুরের অনেক গল্প শুনেছি। আজ সশরীরে সন্তোষে এসে মুসাফিরখানায় যে আতিথেয়তা ও সেবা পেলাম, তা এককথায় চমৎকার। টাঙ্গাইলে এসে আমাদের দারুণ লাগছে।’

আরেক ব্যবসায়ী সানিদুল ইসলাম বলেন, ‘এখানে এসেই প্রথমে হুজুরের মাজার জিয়ারত করেছি। বাবা-মায়ের কাছে ভাসানীর গৌরবময় ইতিহাস শুনে বড় হয়েছি। আগে শুনতাম, তাঁর প্রতিষ্ঠিত মুসাফিরখানায় থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। এখানে এসে সেই কথার  বাস্তব প্রমাণ পেলাম।’ একই কথা বলেন- শামসুল, আরেফিন, নওশাদ, খালেক, আসলাম, জাহাঙ্গীর, ছিফাত, লস্কর, তামজিদুল, হরিপদ, রাখাল, সুশান্ত, আজগর, নেহাল, পারভেজ, শাকুর সহ অনেকে।

মুসাফিরখানায় আগন্তুকদের পরম যত্নে আগলে রাখছেন নিবেদিতপ্রাণ কর্মীরা। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্ত-অনুসারীদের খাবারের দেখভাল করেন আমেনা বেগম। তিনি জানান, দর্শনার্থীরা এখানে এসে মওলানা ভাসানীর মাজারসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। কেউ কেউ নিজেদের সামর্থ্য অনুযায়ী বাজার করে নিয়ে আসেন, আবার অনেকেই আসেন খালি হাতে। তবে আগন্তুকদের পটভূমি যা-ই হোক না কেন, সবার জন্যই সাধ্যমতো আহারের ব্যবস্থা করা হয়।

এই মুসাফিরখানার রান্নাঘরে দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে নিরলসভাবে কাজ করছেন চান মিয়া। তিনি জানান, প্রতিদিন নিয়মিত দুবেলা খাবার পরিবেশন ছাড়াও প্রতি বৃহস্পতিবার এবং প্রতি চান্দ্র মাসের ১১ তারিখে এখানে বিশেষ তবারক বিতরণ করা হয়। এসব দিনে দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। এখানে আসা প্রতিটি মানুষের জন্যই নিখরচায় থাকা ও খাওয়ার অবারিত সুযোগ রয়েছে। কালের বিবর্তন ও আর্থ-সামাজিক নানা পরিবর্তনের ঢেউ লাগলেও সন্তোষের এই মুসাফিরখানার ঐতিহ্যে কখনো ছেদ পড়েনি।

মওলানা ভাসানীর দৌহিত্র ও ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী বলেন, ‘১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৮০ বছর ধরে এই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে। মূলত হুজুরের মুরিদান, ভক্ত ও মুসাফিরখানায় আসা সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতাতেই এই মহতী উদ্যোগ আজও সচল রয়েছে।’ মওলানা ভাসানীর মানবিক দর্শনের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘মওলানা ভাসানী হুজুর বলতেন- তাঁর দরগায় কেউ এলে তাকে যেন অন্তত একটি রুটি দেওয়া হয়। সেই নির্দেশনানুযায়ী, আজ পর্যন্ত এখান থেকে কেউ ক্ষুধার্ত মুখে ফিরে যাননি। আল্লাহর রহমতে ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।’

মুসাফিরখানা পরিচালনা কমিটির সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি ও আদর্শকে ধারণ করে তাঁর হাতে গড়া সব প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনকে নতুন করে উজ্জীবিত করা হবে। বিশেষ করে, তাঁর ঐতিহাসিক মুসাফিরখানার আধুনিকায়ন অগ্রাধিকার তালিকায় রয়েছে- যাতে দূরদূরান্ত থেকে আসা মানুষ আরও সুচারুভাবে সেবা পেতে পারেন।

উপাচার্য আরও জানান, আমাদের মূল লক্ষ্য- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করা। এখানকার শিক্ষকরা যেমন গবেষণায় ও মেধার দিক থেকে দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, তেমনি শিক্ষার্থীরাও আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা লাভ করবে এবং শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা পেয়ে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com