[ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬] বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন আরোগ্য থেকে ওষুধসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পণ্য কেনার ক্ষেত্রে ছাড় উপভোগ করবেন। আরোগ্যর নিয়মিত ছাড়ের পাশাপাশি নূন্যতম ১ হাজার টাকার কেনাকাটায় তারা পাবেন সর্বোচ্চ দেড় শ’ টাকা ছাড়।
এর পাশাপাশি, অরেঞ্জ ক্লাবের সদস্যরা আরোগ্যতে বিশেষ হেলথ চেক-আপের ক্ষেত্রে বাড়তি সুবিধা উপভোগ করবেন। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আরোগ্যর মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে এসব সুবিধা চালু করা হয়েছে।
পিপল-ফার্স্ট একটি ব্র্যান্ড হিসেবে বাংলালিংক মনে করে, শুধু সংযোগ সেবা দেওয়ার মধ্যে তাঁদের ভূমিকা সীমিত নয়। বরং, গ্রাহকদের প্রয়োজন ও সুস্থতার কথা মাথায় রেখে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সেবা ও বিভিন্ন সুবিধা আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি। আরোগ্যর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা যুক্ত করা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।
এ অংশীদারিত্বের ফলে বাংলালিংক এর লয়্যাল্টি প্রোগ্রামে গ্রাহকদের জন্য যুক্ত করল স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অতিরিক্ত সুবিধা। এই উদ্যোগের মাধ্যমে প্রচলিত টেলিযোগাযোগ সেবার বাইরেও অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন সুবিধার পরিধিও বিস্তৃত হয়েছে। সম্প্রতি, রাজধানীর গুলশান-১-এ বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. রেজওয়ানুল করিম, প্রোডাক্টের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, সিনিয়র ম্যানেজার জাইন জামান এবং এর পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। আরোগ্যর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রোথের ভাইস প্রেসিডেন্ট আহমেদ সাজিদ, পার্টনারশিপসের লিড নিবরাস আব্দুল্লাহ করিম এবং জুনিয়র এক্সিকিউটিভ রাফি এম শাহরিয়া।
এই অংশীদারিত্বের ফলে অরেঞ্জ ক্লাবে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধা যুক্ত হল। এর মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যরা বিশেষ মূল্যে ঔষধ ও স্বাস্থ্যসামগ্রী কেনার পাশাপাশি আরোগ্যর বিশেষ হেলথ প্যাকেজ ব্যবহারের সুযোগ পাবেন।
দেশজুড়ে ৪ হাজারের বেশি অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে অরেঞ্জ ক্লাব এর গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সুবিধা বাড়াচ্ছে। স্বাস্থ্যসেবা, পণ্য কেনা, খাবার, ভ্রমণ, ইলেকট্রনিকস পণ্য ও শিক্ষা ছাড়াও দৈনন্দিন প্রয়োজনের নানা ক্ষেত্রে গ্রাহকেরা এসব সুবিধা উপভোগ করেন।
এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা কাজী মাহবুব হাসান বলেন, “বাংলালিংকে আমাদের সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহকেরা। পিপল-ফার্স্ট ব্র্যান্ড হিসেবে আমরা মনে করি, গ্রাহকদের শুধু সংযোগ সেবা দেওয়া আমাদের দায়িত্ব নয়, তাঁদের দৈনন্দিন জীবনেও বাড়তি সুবিধা যোগ করা জরুরি। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন সুবিধা যুক্ত করছি, যাতে তাঁদের দৈনন্দিন জীবন আরও স্বাচ্ছন্দ্যদায়ক হয়। আরোগ্যর সঙ্গে আমাদের অংশীদারিত্ব এ প্রচেষ্টার অংশ। এর মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যরা আসল ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি, বিশেষ মূল্যে হেলথ চেকআপ প্যাকেজও নিতে পারবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন ও সার্বিক কল্যাণে পাশে থেকে তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”