গ্রাহকদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি. ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে তাদের নতুন ‘রেডিসন ব্লু ঢাকা উপ-শাখা’ উদ্বোধন করেছে।
ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, আনুষ্ঠানিকভাবে উপ-শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত গ্রাহকরা।
নবউদ্বোধিত উপ-শাখাটির মাধ্যমে আশপাশের এলাকার ব্যক্তি গ্রাহক, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অন্যান্য গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং পণ্য ও সেবার বিস্তৃত পরিসর নিশ্চিত করা হবে। এর ফলে গ্রাহকরা আরও সহজে ও সুবিধাজনকভাবে ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন।
রেডিসন ব্লু ঢাকা উপ-শাখা উদ্বোধনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি. দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।