স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত করতে কৌশলগত পরিকল্পনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ‘বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উন্নয়নের জন্য কৌশলগত শিক্ষা ও কাঠামো’ (Strategic Lessons and Frameworks for University Ranking Improvement) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে আইকিউএসি’র উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার টেইলর্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।
প্রধান অতিথি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা শুধু একটি সূচকে ভালো করার বিষয় নয়; বরং শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণার প্রভাব ও আন্তর্জাতিকীকরণ, শিল্প ও সমাজের সঙ্গে সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্তের যথাযথ ব্যবস্থাপনার সমন্বিত ফল। তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নের সঙ্গে র্যাঙ্কিং কার্যক্রমকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মূলপ্রবন্ধে অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচক, র্যাঙ্কিং উন্নয়নের কৌশল, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা, তথ্যের মান ও নির্ভরযোগ্যতা এবং অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং-সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।