সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দীর্ঘদিন ফুটপাতে মানবেতর জীবনযাপন করা গোলাপী বেগম এবার পেলেন নিজের একটি স্থায়ী ঠিকানা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে নির্মিত উপহারের ঘর আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গোলাপী বেগমের হাতে নতুন ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, দেশের বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। তিনি বলেন, ‘লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে।’
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমরা একটি ভঙ্গুর দেশ পেয়েছি। তারা দেশের কোনো উন্নয়ন কাজ করেনি। আমরা কাজ শুরু করেছি।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল; ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপী বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে দেশব্যাপী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত গোলাপী বেগম সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের জীবনে আজ যেন অবসান হলো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তারেক জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ তাঁকে দীর্ঘায়ু করুন।’
নিরাপদ আশ্রয় পেয়ে গোলাপী বেগমের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানান উপস্থিত স্বজন ও সংশ্লিষ্টরা।