মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে প্রায় ২৬ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ছেকেন্দার নামে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাচুড়ী বাজারে পরিচালিত মোবাইল কোর্টে এক বিক্রেতার কাছ থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে একই দিনে পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী বিলে পৃথক অভিযান চালিয়ে ৫০টি চায়না দুয়ারী জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার, জব্দ করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস এবং কালিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।