আজ ১৬ জুন ২০২৬ খ্রি., মঙ্গলবার, বেলা ১০:৩০টায় এমপিওভুক্তির দাবিতে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচি থেকে নন-এমপিও শিক্ষকবৃন্দ শেরেবাংলানগরস্থ দুই নেতার সমাধিসৌধের উদ্দেশে রওনা হন।
দুপুর ১২টার দিকে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সমন্বয়ক পরিষদের আহ্বানে সারাদেশের নন-এমপিও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ নন-এমপিও শিক্ষকবৃন্দ সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়ায় অংশগ্রহণ করেন। সাবেক দুই মহান নেতার রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া।
জিয়ারত কার্যক্রম শেষে সমবেত নন-এমপিও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ সরকারের প্রতি বিরূপ মন্তব্য পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে তারা সরকারের নিকট দ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জোর দাবি জানান।
এ সময় সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ নন-এমপিও শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।