
এম এস শ্রাবন মাহমুদ, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৮ এপ্রিল)২৬ খ্রিঃ সকালে তিনি মুরাদপুর, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড়সহ জলাবদ্ধতাপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মেয়র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে খাল সংস্কার কাজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
মেয়র জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র অধীনে নগরীর বিভিন্ন খালে সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
বিশেষ করে হিজরা খাল ও জামালখান খালের সংস্কার কার্যক্রম চলমান থাকায় কিছু এলাকায় সাময়িকভাবে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
তিনি বলেন, “উন্নয়ন কাজের কারণে সাময়িক দুর্ভোগ তৈরি হলেও এটি দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য স্বস্তি বয়ে আনবে। কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক উন্নত হবে।”
মেয়র আরও জানান, আগামী ১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এতে করে নগরীর ড্রেনেজ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি আসবে এবং জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বর্ষা মৌসুমেই চট্টগ্রামের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply