রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন। এর আগে গত ৪ নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে কৌশিক হোসেন তাপসকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় বিচারক আসামি তাপসকে কারাগারে প্রেরণ করে আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সে উপলক্ষে আজ কারাগার থেকে তাপসকে আদালতে হাজির করা হয়।
এরপরে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত রোববার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
আরও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এসময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় কৌশিক হোসেন তাপস ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।