লালমনিরহাট, ১৫ নভেম্বর ২০২৬: আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট আগমন উপলক্ষে জেলা শহরে এক বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি বের হয়।
রবিবার (১৫ নভেম্বর) সকালে শহরের সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়া এ ৱ্যালির নেতৃত্ব দেন লালমনিরহাট-৩ (সদর) আসনের এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ৱ্যালি শুরুর পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় ত্রাণমন্ত্রী বলেন, লালমনিরহাটসহ উত্তর জনপদের জনগণ প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় আছে। তাঁর আগমনের মধ্যদিয়ে পিছিয়ে পড়া এ জনপদে উন্নয়নের ছোঁয়া লাগবে।
কয়েক হাজার সাইকেলের এ ৱ্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১৪ কিলোমিটার পথ অতিক্রম করে সদর উপজেলার বড়বাড়ি বাজারে গিয়ে শেষ হয়। দুপাশে উৎসুক জনতা হাত নেড়ে মন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ৱ্যালি শেষে ত্রাণমন্ত্রী আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান সফল করতে সবার প্রতি আহ্বান জানান।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ ৱ্যালিতে অংশ নেন।
প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট আসছেন। তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, মডেলখাল উদ্বোধন ও ‘আলোকিত লালমনিরহাট’ এর অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।