চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অক্টোবর/২৬ মাসের মাসিক কল্যাণ সভায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত অন্য পাঁচ পুলিশ সদস্য হলেন—আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান, শীতল কুমার, এসএম নিয়ামুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জামির হোসেন ও মো. হাসিবুর রহমান। তাঁদের প্রত্যেককে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা আলমডাঙ্গার সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ওসি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আলমডাঙ্গা থানা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।