1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬

১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে

  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২.২২ পিএম
  • ৪১ Time View

বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর কাজ সাত বছরেও শেষ হয়নি। সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় ব্যক্তিমালিকানার দাবিদারদের বিরোধে আটকে আছে প্রকল্পের কাজ। অথচ ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নেওয়া এ প্রকল্পের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে চার দফা মেয়াদ বাড়ানো এবং প্রকল্প ব্যয় ৭ কোটি টাকা বৃদ্ধি পেলেও পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ এখনো শুরু করা যায়নি।

এদিকে মেয়াদোত্তীর্ণ পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। এতে ভোগান্তিতে পড়েছেন সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৭ সালে ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট রেলসেতুটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে পুরোনো সেতুর দক্ষিণ পাশে দুধকুমার নদের ওপর নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ২০১৯ সালে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা।

তবে জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এ পর্যন্ত চার দফা মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রকল্প ব্যয়ও বেড়েছে ৭ কোটি টাকা। এরপরও সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি।

এর মধ্যে গত মঙ্গলবার ভোরে পাথরবোঝাই একটি ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের অংশের একটি পাটাতন ভেঙে যায়। এতে সেতুটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে নতুন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি আরও জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে প্রায় ছয় একর জমি অধিগ্রহণ প্রয়োজন। স্থানীয় কয়েকটি পরিবারের দাবি, জমিগুলো তাদের পৈতৃক সম্পত্তি। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয় জমিগুলো রেলওয়ের মালিকানাধীন বলে দাবি করেছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠিও দিয়েছে রেলওয়ে। একই জমির মালিকানা দুই পক্ষ দাবি করায় আটকে গেছে অধিগ্রহণ প্রক্রিয়া। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

জমির কাগজপত্র ও নথি পর্যালোচনায় দেখা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে জমির পরিমাণ ১৪১ দশমিক ২৬ শতক। এ ছাড়া ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে রয়েছে ৪২৯ দশমিক ৯৭ শতক জমি। সব মিলিয়ে ৫৭১ দশমিক ২৩ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। পাঁচটি পক্ষের ৩৮ জন অংশীদার এসব জমির মালিকানা দাবি করছেন। অন্যদিকে পুরো জমিই নিজেদের বলে দাবি করছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

জমির মালিকানা দাবিদার আবদুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ স্থানীয় কয়েকজন জানান, জমিগুলো তাদের পৈতৃক সম্পত্তি। এসব জমির পক্ষে তাদের নামে তিনটি রেকর্ডও রয়েছে। এরপরও রেলওয়ে জমির মালিকানা দাবি করছে। তাদের আশঙ্কা, জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে বাড়িঘর ভেঙে দেওয়া হলে তারা আশ্রয়হীন হয়ে পড়বেন।

সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, সেতুর ওপরের অংশ এবং পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না। জমি বুঝিয়ে দেওয়া হলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ বাকি রয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

এদিকে জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূসম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com