ঢাকা, ৩ নভেম্বর ২০২৬:
রাজধানীতে ১২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৩১তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৮তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ও ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোসহ ছয় আন্তর্জাতিক প্রদর্শনী। সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত প্রদর্শনীসমূহ আগামী ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা – আইসিসিবিতে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ৩ নভেম্বর মঙ্গলবার, রাজধানীর সেমস বাংলাদেশ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম; নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম; সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদ রিয়াদ হাসান; এবং সেমস-বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. আল-আমিন উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার এবং ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার। বাংলাদেশের বিশিষ্ট স্থপতি জালাল আহমেদ, এফআইএবি, এফকেআইএ প্রতিষ্ঠিত আর্কিকানেক্ট (ARCHICONNECT) এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) যৌথভাবে এ আয়োজন করেছে। ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এ উদ্যোগের হোস্ট প্ল্যাটফর্ম এবং কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) – ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান।
১০ নভেম্বর আইসিসিবির হল-২-এ ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার এর ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান হবে। ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার। মাস্টারক্লাস, ট্রেন্ডসেটার্স সেশন, ফোকাস গ্রুপ, পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের ডিজিটাল উপস্থাপনাসহ এতে থাকছে বিভিন্ন আয়োজন।
বিল্ড সিরিজের আওতায় থাকছে ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো এবং ২৫তম রিয়েল এস্টেট এক্সপো। নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি ও সরঞ্জাম, বিল্ডিং প্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং, লিফট, এইচভিএসি এবং স্যানিটারি ওয়্যারসহ বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এবারের আয়োজনে শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) অংশগ্রহণে থাকছে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন থাকছে, যেখানে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী, প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরবে।
পাওয়ার সিরিজে থাকছে ২৮তম পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো। বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির পাশাপাশি সৌর প্যানেল, মডিউল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার ও মাউন্টিং সিস্টেম প্রদর্শন করা হবে। এছাড়া এলইডি, স্মার্ট ও ইন্টেলিজেন্ট লাইটিং, লাইটিং কন্ট্রোল এবং সংশ্লিষ্ট প্রকৌশল ও ডিজাইন প্রযুক্তিও থাকছে এবারের আয়োজনে।
পাশাপাশি অনুষ্ঠিত হবে ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। পানি শোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, পানি বিশুদ্ধকরণ ও ডিস্যালিনেশন, পানি বিতরণ এবং স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টসহ বিভিন্ন প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে এই প্রদর্শনীতে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনীতে খাতসংশ্লিষ্ট ২০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেবেন। প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে সেমিনার ও জ্ঞানবিনিময় সেশন।
আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রকৌশলী, স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিং আরও বিস্তৃত হবে। ১২ নভেম্বর শুরু হয়ে তিন দিন চলবে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের এ আন্তর্জাতিক প্রদর্শনী। যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দদর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।