নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, আদিবাসী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা রিয়াস সরেনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভাড়াবাড়িতে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না এবং তাঁরা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন কিশোরীর এমন রহস্যজনক মৃত্যু কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবারের সামাজিক, অর্থনৈতিক কিংবা জাতিগত পরিচয়ের কারণে যেন ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে না হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিল্কী সেদেক হাঁসদা বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রিয়াস সরেনের মৃত্যুর ঘটনাটি যথাযথভাবে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, “রিয়াস সরেনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি। আমরা কোনো অনুমান বা গুজবের ভিত্তিতে নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন চাই। তদন্তে যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
অ্যাডভোকেট প্রভাত টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেতা উত্তম কুমার বর্মণ, প্রফুল্ল টুডু, দানিয়েল মার্ডী, নারী নেত্রী শিখা সরেন প্রমুখ।