এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। এদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। মানুষের কল্যাণ নিশ্চিত হলেই সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন -২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের সমান অংশীদার। দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার। যারা এ দেশে বাস করেন, সবাই এ দেশের মালিক। তাই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্বও আমাদের সবার। মন্ত্রী আরও বলেন, পূর্বসূরিরা আমাদের জন্য একটি সুন্দর দেশ রেখে গেছেন। আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম পবিত্র দায়িত্ব। তিনি বলেন, হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ যদি ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে দেশ ও জাতির কল্যাণ হবে এবং আগামী প্রজন্ম একটি আরও সুন্দর বাংলাদেশ উপভোগ করতে পারবে। তিনি বলেন, সমাজে কিছু অসাধু ও দুষ্কৃতিকারী মানুষ সব সময়ই ছিল এবং এখনও রয়েছে। তবে দেশের অধিকাংশ মানুষ ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষে। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভালো মানুষ যদি একসঙ্গে দাঁড়ায়, তাহলে কোনো অন্যায় বা অপশক্তি সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। এ সময় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী দিলীপ নাগ কানাই, যুগ্ম আহ্বায়ক শ্রী সুব্রত চৌধুরী তপু ও শ্রী সঞ্জিত দেবনাথ, কুমিল্লার সনাতনী সমাজের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।