স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, টাঙ্গাইলে তাঁতের শাড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃত। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে শুধু টিকিয়ে রাখা নয়, সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শনিবার(১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাজিতপুরে তাঁত শিল্পের উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এওসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ও প্রশিক্ষণ কেন্দ্র তাঁতিদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে তাঁত শিল্পের প্রতি আগ্রহী করে তুলবে। তাছাড়া প্রান্তিক তাঁতিদের মূলধন হিসেবে সহজ শর্তে ঋণ ও প্রণোদনা সহায়তার কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, তাঁত ডিশল্পের মতো ঐতিহ্যবাহী শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন- সেই নির্দেশনার আলোকে ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকতার পর্যায়ে আনতে অত্যাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, টাঙ্গাইলে শাড়ির ঐতিহ্য ধরে রাখতে সরকার সকল ধরনের সহযোগিতা করবে।
আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মাধ্যমে তাঁত শিল্পের উৎপাদন বাড়ানোর হবে। টাঙ্গাইলে যে কোনো শিল্পকে বাঁচিয়ে রাখাতে সব ধরনের সহযোগিতা করা হবে।
উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁত বোর্ডের(বাতাঁবো) চেয়ারম্যান মো. জাকির হোসেন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত বাজিতপুর তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার পরিদর্শন করেন।