মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে সেটি চালিয়ে দেখছিলেন আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেলপাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, আলুকদিয়া বাজার এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এ এলাকায় কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।