রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা): ১৬ ডিসেম্বর, রোজ মঙ্গলবার কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরকূল পশ্চিমপাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আব্দুল বারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বক্তারা তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির আদর্শ ও লক্ষ্য ধরে রেখে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সন্তানদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হলে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে তিনি অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মাদ্রাসার মহতালিম সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি এবং ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক, লাকসাম পৌরসভা। তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা সমাজকে নৈতিকতা ও আদর্শবান মানুষ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মমিন আলি, আব্দুল মান্নান, সিহাব উদ্দিন, রমিজ, আব্দুল বাশার, রাসেলসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মাদ্রাসার পাঁচজন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে দেন মাদ্রাসার উপদেষ্টা মাওলানা মোঃ আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, ৯নং ওয়ার্ড সভাপতি (বিএনপি)সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সমাবেশের শেষ পর্বে মাওলানা মোঃ আবুল খায়ের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
উপস্থিত অভিভাবকরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।