1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ঋণ খেলাপি মামলা করায় ব্যাংক ম্যানেজারকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮.২৭ পিএম
  • ৬৬ Time View

পাবনার চাটমোহরে ঋণ খেলাপি মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর এবং হামলা চালিয়ে ব্যাংকের গ্লাস-আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামের এক যুবদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লোকমান হোসেন উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখার মুখ্য কর্মকর্তা এস এম বশীর উদ্দিন বলেন, ‘‘২০১৮ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন লোকমান হোসেন। এই ঋণ পরিশোধ না করতে পারলে প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু, গত দুই বছর ধরে তিনি সময়মত ঋণ নবায়ন করেননি। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ঋণ নবায়ন না করলে ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারে।’’

তিনি আরো বলেন, ‘‘সেই হিসেবে গত ২৫ মে পাবনার অর্থ ঋণ আদালতে লোকমান হোসেনের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ একটি মামলা করে। মামলার বিষয়টি শুনে বৃহস্পতিবার দুপুরে লোকমান হোসেন লোকজন নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় হামলা চলান এবং শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মচারীদের মারধর করে আহত করেন। এ সময় ব্যাংকের মধ্যে থাকা লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’’

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন বলেন, ‘‘লোকমান হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ করে। এ সময় ঋণ সংক্রান্ত বিষয়ে ম্যানেজার শামসুজ্জামানের সঙ্গে লোকমান হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান হোসেন হামলা চালিয়ে ব্যাংকের গ্লাস-আসবাবপত্র ভাঙচুর এবং ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে আহত করেন।’’

অভিযোগের বিষয়ে জানতে লোকমান হোসেনের মোবাইলে ব্যবহৃত নম্বরে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, ‘‘লোকমুখে বিষয়টি শুনেছি। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। লোকমান হোসেন যদি অন্যায় করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান বাদী হয়ে মামলা করবেন। মামলা দায়েরের পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com