নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে একটি ভুসির মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন মিল মালিক।
রোববার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার পঞ্চবটী নতুন রাস্তার বালুর মাঠ এলাকার মামুন মিয়ার ভুসির মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে মিলের মেশিন ও কিছু ভুসির বস্তা পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়। ভুসি মিল মালিকের দাবি, তার ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
মিলটিতে কোন রকম অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আজিজুল হক রাজন জানান।
এলাকাবাসী জানায়, বিকাল ৩টার দিকে শহরের পঞ্চবটী এলাকার মামুন মিয়ার ভুসির মিলে আগুন লাগে। এ সময় স্থানীয়রা চেষ্টা করেও আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজিজুল হক রাজন বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাই।