মতামতঃ একটি দেশের ব্যবসায় খাত সুচারুরূপে চলার স্বার্থে যে ক্ষেত্রটির কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না সেটি হলো শেয়ারবাজার বা পুঁজিবাজার। পাবলিক লিমিটেড কোম্পানিগুলো তাদের মূলধন সংগ্রহের জন্য এ বাজারের উপর অনেকাংশে নির্ভরশীল। এছাড়া জাতীয় অর্থনীতিতেও পুঁজিবাজারের ভূমিকা চোখে পড়ার মতো। বর্তমানে প্রচলিত বিভিন্ন ধরনের ব্যবসায়ের মধ্যে যৌথ মূলধনী ব্যবসায় অন্যতম। এ নামটি শুনলেই সবার মাথায় ভেসে বেড়ায় বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কথা যেখানে থাকবে একইসাথে প্রচুর মূলধন, লোকবল, এবং সুদক্ষ ব্যবস্থাপনা। এ ধরনের ব্যবসায় সাধারনত প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি এ দুভাগে বিভক্ত যেখানে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে অবাধে শেয়ার বিক্রি করতে পারলেও প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটি পারে না। আর তাই পাবলিক লিমিটেড কোম্পানিকে ঘিরেই শেয়ারবাজারের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়।
অর্থনৈতিক দিক বিবেচনা করলে শেয়ার বাজারের প্রধান তাৎপর্য হলো এটি অলস অর্থকে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে সাহায্য করে। মনে রাখতে হবে কোনো কোম্পানি তার উৎপাদন কিংবা ব্যবসায় সংক্রান্ত কার্যক্রমে অর্থায়ন করতেই মূলত শেয়ার বাজারের শরণাপন্ন হয়। এক্ষেত্রে যথাসময়ে অর্থায়ন সুবিধা নিশ্চিত করা গেলে সেটি তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সহায়ক ভূমিকা পালন করে। ফলে একদিকে যেমন কর্মসংস্থান এবং জীবনাত্রার মানোন্নয়ন ঘটে, তেমনিভাবে সরকারও প্রচুর কর আদায় করতে পারে যা দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হয়।
পাশাপাশি একজন বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও সুবিধা পায়। পোর্টফোলিও বলতে একইসাথে অনেকগুলো খাতে বিনিয়োগের সুযোগকে বোঝায়। শেয়ারবাজারে স্টক বা শেয়ার, বন্ড, এবং মিউচুয়াল ফান্ড নামে তিন ধরনের পণ্য রয়েছে। বুঝেশুনে বিনিয়োগ করলে এর প্রত্যেকটিই লাভজনক খাতে পরিণত হতে পারে। অন্যদিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যাও কিন্তু কম নয়। তাই একজন বিনিয়োগকারী যখন শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসেন তখন অনেকগুলো বিকল্প সুযোগ তার হাতে থাকে। অন্যদিকে শেয়ার বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে লাভের সম্ভাবনা কিছুটা বেশি থাকে। আবার এতে করে দেশের ব্যবসায় খাতেও স্বস্তি বিরাজ করে। বিশেষ করে বন্ডের কথা যদি বলা হয় তাহলে দেখা যায় সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য কোম্পানিগুলো নির্দিষ্ট সুদের হারে বন্ড বিক্রি করে থাকে। ফলে এটি কোনো ব্যক্তি বা পরিবারের আয় প্রবাহ নিশ্চিতে ভূমিকা রাখে।
এ বিষয়ে রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (গবেষণা বিভাগ) শারমিন আরা বলেন, “মানুষের ছোট-বড় সব সঞ্চয়কে একত্রিত করে বৃহদায়তন মূলধন সৃষ্টিতে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি একজন বিনিয়োগকারী নির্দিষ্ট মেয়াদান্তে একটি মুনাফা পেয়ে থাকে যা তাদের মধ্যে সঞ্চয় প্রবণতা তৈরি করে।“ তিনি আরো বলেন, “সরকারের যখন কোনো উন্নয়নমূলক কাজে অর্থের দরকার হয় তখন অনেকসময় ট্যাক্স হার না বাড়িয়ে শেয়ার বাজারে এসে জনগণের উদ্দেশে বন্ড বিক্রি করে থাকে। এতে করে দেশের যে কোনো আর্থিক প্রয়োজন সহজেই মেটানো যায়।“
কোনো ব্যক্তি সাধারণত ব্রোকার হাউজে বিও একাউন্ট খোলার মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয়ের সুযোগ পায়। এক্ষেত্রে লেনদেনের উপর ভিত্তি করে সরকারকে একটি ট্যাক্স প্রদান করতে হয়। তার মানে দেশের মানুষের মাঝে যদি শেয়ার বাজার সম্পর্কে একটি ইতিবাচক মনোভাব বিরাজ করে তাহলে স্বাভাবিকভাবেই লেনদেনের সংখ্যা বৃদ্ধি পাবে। এর ফলে এখান থেকে সরকার ট্যাক্স ইসেবে প্রচুর রাজস্ব আদায় করতে পারবে যেটি অর্থনীতিকে আরো চাঙ্গা করতে সাহায্য করবে। বর্তমানে ব্রোকার হাউজগুলো স্টক এক্সচেঞ্জ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আর পুরো শেয়ার বাজার পরিচালনার দায়িত্ব পালন করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ বিষয়ে জানতে রয়্যাল ক্যাপিটেল লিমিটেডের গবেষণা বিভাগের প্রধান আকরামুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “দেশের মানুষ শেয়ার বাজারের সাথে যত বেশি সংযুক্ত হবেন দেশের পুঁজিবাজারের আয়তন তত বেশি বড় হবে। আর পুঁজিবাজারে লেনদেনের উপর যেহেতু সরকারকে কর দিতে হয় তাই এ খাতে অধিক জনসম্পৃক্ততা মানে অধিক রাজস্ব আয় যা দেশের জিডিপি বৃদ্ধিতে অবদান রাখবে। অন্যদিকে কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও স্বল্প পরিসরে শেয়ার বাজারের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারে। আর এক্ষেত্রে মিচুয়াল ফান্ড শিক্ষার্থীদের প্রেক্ষাপটে শেয়ার বাজারে একটি উত্তম বিনিয়োগ ক্ষেত্র হতে পারে যেহেতু এখানে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও মুনাফা অর্জন সম্ভব।“
এছাড়া এ বিষয়ে কথা হয় শেয়ার বাজার সম্পর্কে মাইকা সিকিউরিটিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অরূপ রতন রায়ের সঙ্গে। তিনি বলেন, “বর্তমানে শেয়ার বাজারে কিছুটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এ ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে শেয়ার বাজারের কার্যক্রম আরো বাড়বে বলে আশা করা যায়। আর শেয়ার বাজারে মুনাফা পেতে চাইলে সময় ও ধৈর্য নিয়ে বিনিয়োগ করা উচিত। এতে করে শেয়ারের দ্রুত দরপতনের ঘটনা কিছুটা কমবে যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। এছাড়া পেশাজীবীদের পাশাপাশি ছাত্রসমাজকেও যদি এর সাথে সংযুক্ত করা যায় তাহলে তারা কিছুটা আগে থেকেই শেয়ার বাজারের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবে। আর এটি তাদের পরবর্তী জীবনে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।“
শেয়ার বাজার সম্পর্কে অনেকসময় মানুষের মধ্যে পুঁজি হারানোর একটি ভয় কাজ করে। অথচ বিনিয়োগের আগে ঐ কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থা, ব্যবস্থাপনা, বাজারে অবস্থান ইত্যাদি বিষয়গুলো যদি ভালোভাবে বিশ্লেষণ করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বিনিয়োগকারীরা লাভবান হয়ে থাকেন। পাশাপাশি এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক বিকাশেও অবদান রাখে।
-তানজিম হাসান পাটোয়ারী