দেশের ব্যাংকগুলোর কাছে থাকা ২০ ও ৫০ পাউন্ড মূল্যমানের কাগুজে নোট যুক্তরাজ্যে ফেরত পাঠাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক দেশের মধ্যে বৈদেশিক মুদ্রায় লেনদেন করে এমন ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক অব ইংল্যান্ড এ দুটি কাগুজে নোট তুলে দিচ্ছে। এসব নোটের পরিবর্তে পলিমারের তৈরি নতুন নোট ব্যবহার করবে দেশটি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের কাছে সংরক্ষিত ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট যুক্তরাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেখানে ফেরত পাঠানো হবে।
ইংল্যান্ডের একটি প্রভাবশালী গণমাধ্যমের মতে, যুক্তরাজ্যের বাজারে ৬ বিলিয়ন পাউন্ড সমমানের ২০ পাউন্ডের কাগুজে নোট আছে। আর প্রায় ৮ বিলিয়ন পাউন্ড সমমানের ৫০ পাউন্ডের কাগুজে নোট বাজারে প্রচলন রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য ১৪ বিলিয়ন তথা এক হাজার ৪০০ কোটি পাউন্ড বাজার থেকে তুলে নেবে।