সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা। মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুরে নিসচা কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নিসচা দাউদকান্দি শাখার উপদেষ্টা ও দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমদাস রায়।
সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং, বৃক্ষরোপণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, হাইওয়ে ও জেলা পুলিশ এবং উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এ ছাড়া পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, চালক-হেলপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহারে উৎসাহিত করা, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, ক্ষতিগ্রস্ত বা ঢেকে যাওয়া রোড সাইন সংস্কার ও দৃশ্যমান করা এবং অবৈধ পার্কিংয়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ ছাড়া নিরাপদ সড়ক বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে লিফলেটের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো এবং প্রয়াত জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, মাহফিল ও দোয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভা শেষে নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সদস্যদের পরিচয়পত্র পরিয়ে দেন হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায়।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে।