ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬: কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (CMSME) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ.এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডি বিভাগের পরিচালক মো: জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন পারস্পরিক অংশীদারত্বমূলক এ চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরীফ হাসান মামুন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০,০০০ (ষাট হাজার) কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সরবরাহের মাধ্যমে তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কর্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করে।
এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধন এর অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কর্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না এরূপ প্রতিষ্ঠান মাত্র ৯% সুদে অর্থায়ন সুবিধা পাবে।
বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ CMSME খাতের উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।