ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা সিলেট মহাসড়কের পাশে জমানো ময়লায় আগুন ধরিয়ে দেয় এক পাগল। মুহূর্তেই সে আগুন লেলিহান শিখায় রূপ নেয়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশের পুরো এলাকা। ২ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের মধ্যে ভৈরবপুরের নাটাল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল আশপাশের বাড়িঘর দোকানপাটসহ বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন ও ২২০ কেভি সঞ্চালন লাইন।
খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি সড়কের পাশে হওয়ায় আগুনের ধোয়ায় ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আল আমিন।
স্থানীয়রা জানায়, ২ জুলাই সকালে শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কের নাটালের মোড়ে ভাঙারি দোকানের জমানো খালি বোতল ও ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেয় এক পাগল। মুহূর্তের মধ্যে আগুনের কালো ধুয়ায় ছেয়ে যায় পুরো আশপাশ। এলাকাবাসী পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ছোট একটি দেয়ালের কারণে আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়াতে না পাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় এলাকাবাসীর বাড়িঘর। তবে আগুনের তাপে ও কালো ধুয়ায় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন বলেন, ময়লার স্তুপে অগ্নিকাণ্ড হলে আমাদের যাওয়ার অনুমতি নেই। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের মাধ্যমে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নেভাতে সক্ষম হয়। মহাসড়কের পাশে হওয়ায় কোন রকম সমস্যা হয়নি। ভৈরবের গ্রামে ও শহরের রাস্তাঘাট অনেক চিকন। ভৈরবের স্থানীয় নেতৃবৃন্দ এদিকে নজরদারি বাড়াতে হবে। পাগালরা জ্ঞানহীন হয়। তাই আমাদের পাগল ও মানুষিক প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজরদারি বাড়াতে হবে। তাদের প্রতি লক্ষ্য রাখতে যেন তারা কোন জ্ঞানহীন কাণ্ড ঘটনাতে না পারে। অল্পের জন্য রক্ষা পায় নাটালমোড় এলাকা।