উৎপাদিত ও আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ‘উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯’ অধিকতর সংশোধন করা হয়েছে।
এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। পরে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১৩৫ এবং ধারা ৫৮এর সঙ্গে পাঠ করে প্রদত্ত ক্ষমতাবলে বিধিমালার বিধি ৫ এর উপ-বিধি (৪) পরিবর্তন করে নতুন উপ-বিধি প্রতিস্থাপন করা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং নির্ধারিত ডিজাইনের ভিত্তিতে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।
নতুন নির্ধারিত কাঠামো অনুযায়ী, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা বা তার বেশি হলে ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেটে ব্যবহার করতে হবে হালকা খয়েরি ডিজাইনের স্ট্যাম্প।
অন্যদিকে, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা বা তার বেশি হলে ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা গোলাপি ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহারের বিধান করা হয়েছে। একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের স্ট্যাম্প ব্যবহার করতে হবে।
এ ছাড়া প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা বা তার বেশি হলে ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা নীল ডিজাইনের স্ট্যাম্প ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
আর প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা বা তার বেশি হলে ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা মেরুন ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের বিধান রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি ৪ ও সংশোধিত বিধি ৫-এর উদ্দেশ্য পূরণে সংশ্লিষ্ট সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য, শলাকার সংখ্যা, প্যাকেটের প্রকৃতি ও নির্ধারিত ডিজাইন অনুযায়ী, বিধি ৬-এর বিধান সাপেক্ষে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।
এনবিআরের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশোধিত বিধানটি অবিলম্বে কার্যকর হবে।