রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ‘বলাকা লাউঞ্জে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে লাউঞ্জের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিমানবন্দরের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বলাকা লাউঞ্জের রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় লাউঞ্জে অবস্থানরত যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে বিমানবন্দরের নিজস্ব কর্মী ও ফায়ার সার্ভিস ইউনিটের তাৎক্ষণিক পদক্ষেপে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, রান্নাঘরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
অগ্নিকাণ্ডের সময় বলাকা লাউঞ্জের যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরু হয়। ডিএমপির বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, “আগুনে কেবল কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য।”
উল্লেখ্য, বলাকা লাউঞ্জটি শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাত্রীদের বিশ্রাম ও খাবারের জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় লাউঞ্জ।