বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে সকাল ৭টায় এই শোভাযাত্রা শুরু হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
বুধবার (১২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপির সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সমানে এসে শেষ হবে।