স্টাফ রিপোটার: রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৬ মার্চ) দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- রাজু (৩৬), তার মা কান্তা (৬০), গিতা রানি দে (৬৫) ও আফজাল।
রাজুর ভাতিজা শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। কি থেকে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তারা ৪ জনই চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনির টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।