বিএনপিকে ১০ডিসেম্বর সমাবেশ করতে দেওয়ার প্রশংসা করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নির্বাচন পর্যন্ত পরিস্থিতি এরকমটাই থাকবে বলে তিনি আশ্বস্ত করেছেন। আরও জানান, বাংলাদেশের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট।
ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে সুরক্ষা বিভাগের সচিব, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ডোনাল্ড লু।
পরে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও বৈঠক হয়েছে। জাতীয় নির্বাচন, মানবাধিকার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নির্বাচন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করার তাই করা হবে।
এর আগে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জাতীয় নির্বাচনে বড় দলগুলো অংশ নেবে কি না তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় স্থান পেয়েছে পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিও। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দল থাকলেও ছিলেন না বিএনপির কেউ।