দেশের বন্ডবাজারকে গতিশীল করতে বিকল্প ট্রেডিং বোর্ডের (এটিবি) পরিবর্তে মূল বোর্ডে থিমেটিক বন্ডের লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন বন্ডগুলোকে মূল বোর্ডে লেনদেনের উপযোগী করে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ বন্ড’-এর রিং দ্য বেল ও ক্লোজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ খান বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে বন্ডের লেনদেন এখনো বেশ সীমিত। অথচ উন্নত দেশগুলোর পুঁজিবাজারে শেয়ার, বন্ড ও স্থির আয়ের বিভিন্ন আর্থিক পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নে শেয়ারবাজারের পাশাপাশি বন্ডবাজারকেও সক্রিয় করা প্রয়োজন।
তিনি বলেন, আগে বিকল্প ট্রেডিং বোর্ডে বন্ড লেনদেনের ওপর গুরুত্ব দেওয়া হলেও এখন মূল বোর্ডে লেনদেনের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। আগে মূল বোর্ডে তালিকাভুক্তির ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করত। এখন নতুন বন্ডগুলোকে মূল বোর্ডে আনতে উৎসাহ দেওয়া হচ্ছে।
সাজেদা অরেঞ্জ বন্ডের উদাহরণ দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, এ বন্ডের কুপন হার ১০ শতাংশ। এর মাধ্যমে বিনিয়োগকারীরা আর্থিক মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখার সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে ব্র্যাকের এক হাজার কোটি টাকার বন্ডসহ আরও বিভিন্ন ধরনের থিমেটিক বন্ড মূল বোর্ডে লেনদেন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অরেঞ্জ বন্ডের উদ্দেশ্য তুলে ধরে মাসুদ খান বলেন, এ ধরনের বন্ডের মাধ্যমে আর্থিক মুনাফার পাশাপাশি সমাজ ও পরিবেশে ইতিবাচক প্রভাব তৈরি করা সম্ভব। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তনে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের কর্মশক্তির প্রায় ৫০ শতাংশ নারী। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তবে বন্ড থেকে সংগৃহীত অর্থ নির্ধারিত উদ্দেশ্যেই ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, পরিবেশ বা সামাজিক উন্নয়নের নামে অতিরঞ্জিত দাবি করাকে গ্রিনওয়াশিং বলা হয়। এ ঝুঁকি এড়াতে বন্ডের অর্থ ব্যবহারের বিষয়ে স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করতে হবে। পাশাপাশি ইস্যুর সময় নির্ধারিত লক্ষ্যগুলো পরিমাপযোগ্য হতে হবে এবং বাস্তবে কতটুকু অর্জিত হয়েছে, তা বিনিয়োগকারীদের জানাতে হবে।
বন্ডবাজারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। তিনি জানান, এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ন্যূনতম ৩০ লাখ টাকা থাকার শর্ত কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা জামানতের অভাবে ব্যাংকঋণ পান না। তাদের জন্য বন্ডবাজার অর্থায়নের বিকল্প উৎস হতে পারে।
বন্ডবাজারের প্রসারে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এ জন্য বিএসইসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম বাড়ানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. নাজনীন বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অর্থায়ন পাওয়া কঠিন। বিশেষ করে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যয়বহুল হওয়ায় বিনিয়োগের খরচ বেড়ে যায়। এ পরিস্থিতিতে বন্ডবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের সম্ভাবনাময় উৎস হতে পারে।
তিনি বলেন, বন্ডবাজারের সম্ভাবনা কাজে লাগাতে সাধারণ বিনিয়োগকারীদেরও এ বাজারে যুক্ত করতে হবে। অনেক মানুষ বন্ডে বিনিয়োগের ধরন, নিরাপত্তা ও সম্ভাব্য মুনাফা সম্পর্কে জানেন না। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
ড. নাজনীন আরও বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতে প্রতিযোগিতা বাড়বে। ২০৩২ সালের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা অব্যাহত থাকবে কি না, সে বিষয়েও প্রস্তুতি নিতে হবে। উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শ্রম ও পরিবেশগত মান নিশ্চিত করতে বড় বিনিয়োগ প্রয়োজন হবে। এসব ক্ষেত্রে থিমেটিক বন্ড ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সাশ্রয়ী দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, জলবায়ু অর্থায়নের সংকট শুধু অর্থের ঘাটতির বিষয় নয়; অর্থ কীভাবে বণ্টিত হচ্ছে এবং কারা সেই অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা অনুযায়ী, জলবায়ু অভিযোজনে বছরে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। বিপরীতে বর্তমানে অর্থায়ন হচ্ছে প্রায় ৪ বিলিয়ন ডলার। ফলে প্রতিবছর প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারীদের অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বিশেষ বাধা রয়েছে। জমি ও সম্পদের মালিকানা কম থাকায় অনেক নারী ব্যাংকঋণের জন্য প্রয়োজনীয় জামানত দিতে পারেন না। এ ছাড়া ঘরবাড়ি উঁচু করা, নিরাপদ পানির ব্যবস্থা, ঘূর্ণিঝড়-সহনশীল অবকাঠামো তৈরি কিংবা লবণাক্ততা সহনশীল ফসল উৎপাদনের মতো অভিযোজনমূলক বিনিয়োগ থেকে তাৎক্ষণিক আর্থিক মুনাফা আসে না। ফলে প্রচলিত ঋণব্যবস্থায় এসব উদ্যোগ অর্থায়ন পেতে সমস্যায় পড়ে।
ফারাহ কবির বলেন, থিমেটিক বন্ড প্রাতিষ্ঠানিক ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে পারে। তবে সংগৃহীত অর্থ যেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সব ধরনের জলবায়ু অভিযোজন কার্যক্রম ঋণের মাধ্যমে অর্থায়ন করা ঠিক হবে না। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও বাঁধের মতো জনকল্যাণমূলক অবকাঠামোর জন্য সরকারি অর্থায়ন ও অনুদান প্রয়োজন। থিমেটিক বন্ড সরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বিকল্প নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করা উচিত।
জলবায়ু বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগের শর্ত ও ঋণ পরিশোধের সময়সীমা নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঋণ পরিশোধে নমনীয়তা রাখা জরুরি। অন্যথায় জলবায়ু সহনশীলতা তৈরির জন্য নেওয়া ঋণই মানুষের ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।