ঢাকা: ২১ সেপ্টেম্বর, সোমবার ২০২৬:
আন্তর্জাতিক বাজারে মূল্য কমার এই সময়ে হঠাৎ করে মধ্যরাতে বাড়ানো জ্বালানী তেলের মূল্য প্রত্যাহারের দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ২১ সেপ্টেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম এখন নিম্নমুখী। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি, জ্বালানী সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধের কারনে বেকারত্ব বৃদ্ধির মধ্যদিয়ে দেশে এক চরম অস্থিরতা বিরাজ করছে। এহেন সময়ে নতুন সরকার সংকট মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের ৭ মাসের মাথায় ২ দফা জ্বালানীর মূল্যবৃদ্ধির কারনে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহনসহ শিল্প উৎপাদনে ভাড়া ও মূল্য উস্কে দেওয়ার এহেন গণবিরোধী সিদ্ধান্ত থেকে ফেরত এসে জরুরী ভিত্তিতে জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবী জানান সংগঠনটি।
বিবৃতিতে আরো বলা হয়, সরকার জনস্বার্থে কোথাও ব্যবসা করবে, কোথাও ভর্তুকি দেবে এটাই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের এইমুহুর্তে জ্বালানী খাতে ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতি সচল রাখা, মূল্যস্ফীতি কমানোর মধ্যদিয়ে দেশের সংকটাপন্ন জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।